
ফ্রেঞ্চ লিগ ওয়ান-এর ম্যাচে শুক্রবার রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রতিপক্ষ এসি অ্যাজাক্সিও-এর মাঠে দারুণ এক জয় তুলে নিয়েছে। নেইমারবিহীন পিএসজি’র হয়ে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে।
এদিন, মেসি ও এমবাপের সঙ্গে কার্লোস সোলেরকে নিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্টফ গাল্টিয়ে। এমবাপে করেছেন দুই গোল, আর মেসি করেছেন দুই অ্যাসিস্ট। মেসি একটি গোল পেয়েছেন, এমবাপ্পেও করেছেন একটি অ্যাসিস্ট।
ম্যাচের ২৪তম মিনিটে মেসির পাসে গোল করে দলকে ১-০ তে এগিয়ে দেন এমবাপে। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখেন মেসিরা। ৭৯তম মিনিটে এমবাপের বাড়ানো বলে প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে দারুণ এক গোল করেন মেসি। এর তিন মিনিট পরেই আর্জেন্টাইন অধিনায়কের পাসে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে।
এই জয়ের ফলে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লরিয়েন্ট। ১২ ম্যাচে আট পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অ্যাজাক্সিও।