loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

নাদাল-স্পেরেভ ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠলেন


নাদাল-স্পেরেভ ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠলেন

চিরপ্রতিদ্বন্দ্বী সার্বিয়ান নোভাক জকোভিচকে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল। ক্লে কোর্টে মঙ্গলবার (৩১ মে) আরেকবার ঝলসে উঠে জকোভিচকে চার সেটের লড়াইয়ে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেন নাদাল।

১৩বারের রোলা গাঁরো চ্যাম্পিয়ন নাদাল ক্যারিয়ারে এ-নিয়ে ৫৯ বারের মতো জকোভিচের মুখোমুখি হয়েছিলেন। চার ঘন্টা ১২ মিনিট স্থায়ী হাইভোল্টেজ লড়াইয়ে শেষ হাসি হেসেছেন নাদাল। কোর্ট ফিলিপে অনুষ্ঠিত ম্যাচে নাদাল জয়ী হয়েছেন ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ গেমে।

গত বছরের চ্যাম্পিয়ন জকোভিচের বিপক্ষে এনিয়ে নিজের দশম ফ্রেঞ্চ ওপেনের ম্যাচে অষ্টম জয় তুলে নিলেন নাদাল।

শেষ চারে নাদালের প্রতিপক্ষ তৃতীয় বাছাই জার্মানির আলেক্সান্দার স্পেরেভ।

ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘আমি খুবই আবেগপ্রবণ একজন মানুষ। এখানে খেলতে পারাটা সবসময়ই আমার কাছে অসাধারণ এক অনুভূতি। জকোভিচের বিপক্ষে খেলাটা সবসময়ই দুর্দান্ত চ্যালেঞ্জের। তাঁর বিপক্ষে জয়ের একটি মাত্র পথ আছে, শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সেরাটা দিয়ে যাওয়া।’

২০০৫ সালে প্রথমবারের মতো রোলা গাঁরোতে শিরোপা জয়ের পর ৩৫ বছর বয়সী নাদাল এখানে ১১৩ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে পরাজিত হয়েছেন। ক্যারিয়ারে জকোভিচের বিপক্ষে তাঁর জয়ের অনুপাত এখন ৩০:২৯। 

এ-বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পরে পঞ্চম বাছাই জকোভিচের সামনে এখন রেকর্ড-বর্ধক দ্বাবিংশ গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।

জকোভিচ এদিন দ্বিতীয় সেটে ডাবল ব্রেক পয়েন্টে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৮৮ মিনিটের লড়াইয়ে সেটটি জিতে লড়াই জমিয়ে তুলেছিলেন। চতুর্থ সেটে তিনি দুটি সেট পয়েন্ট মিস করেন। বিশ্বের নাম্বার ওয়ান এই সার্বিয়ানকে এখন ক্যারিয়ারের একবিংশ গ্র্যান্ড স্ল্যামের জন্য উইম্বলডন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জকোভিচ অবশ্য এই ম্যাচের পর নাদালকে অভিনন্দন জানাতে ভুল করেননি, ‘রাফাকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ মুহূর্তে সে আজ আমার চেয়ে ভালো খেলেছে। সে দেখিয়ে দিয়েছে, কেন সে অসাধারণ একজন চ্যাম্পিয়ন। তাঁর জন্য শুভকামনা। এই জয়টা তাঁরই প্রাপ্য ছিল।’

এর আগের রাউন্ডে ফেলিক্স অগার-আলিয়াস্সিমের বিপক্ষে পাঁচ সেটের জমাট লড়াইয়ের পরে নাদাল শেষ আটে উঠেছিলেন। যে-কারণে জকোভিচের বিপক্ষে ম্যাচটিতে তাঁকে আন্ডারডগ হিসেবেই চিন্তা করা হয়েছিল। পায়ের ইনজুরির কারণে জকোভিচের বিপক্ষে ম্যাচটিতে পরাজিত হলে এটাই হয়তো প্যারিসে তাঁর শেষ ম্যাচ হতে পারতো বলে ইঙ্গিত ছিল। ক্লে কোর্টের রাজা নাদাল মঙ্গলবার ট্রেডমার্ক পারফর্মেন্স দিয়ে ৫৭টি উইনিং শট খেলেছেন। ১২ মাস আগে এই একই প্রতিপক্ষের বিপক্ষে সেমিফাইনালে পরাজয়ের প্রতিশোধটাও নিয়ে নিলেন নাদাল।

দিনের আরেক উত্তেজনাপূর্ণ কোয়ার্টার-ফাইনালে আলেক্সান্দার স্পেরেভ ৬-৪, ৬-৪, ৪-৬, ৭-৬ (৯/৭) গেমে স্প্যানিশ সেনসেশন ১৯ বছর বয়সী কার্লোস আলকারাজকে পরাজিত করে শেষ চারে উঠেছেন। এনিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে উঠলেন স্পেরেভ।

আলকারাজ এ-বছর চারটি শিরোপা জয় করেছেন; যার মধ্যে দুটি মাস্টার্স ১০০০ শিরোপা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ৫৬টি আনফোর্সড এরোরে স্পেরেভের কাছে তাঁকে নতি স্বীকার করতে হলো।

অলিম্পিক চ্যাম্পিয়ন স্পেরেভ ক্যারিয়ারে পঞ্চমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করলেন। চলতি মাসের শুরুতে মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে আলকারাজের কাছে বড় পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিলেন স্পেরেভ।

Loading...