loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

রোনাল্ডোর দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানইউ’র স্বস্তির জয়


রোনাল্ডোর দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানইউ’র স্বস্তির জয়

ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে শক্তিমত্তায় অনেক পিছিয়ে নরউইচ সিটি। তার পরও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার (১৬ এপ্রিল) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ভয় ধরিয়ে দিয়েছিল দলটি। ম্যানইউ প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করলেও দ্বিতীয়ার্ধে স্কোরলাইনে সমতা এনেছিল নরউইচ। এ-সময় ইউনাইটেডের ত্রাতা হিসেবে আবির্ভূত হন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। তাঁর হ্যাটট্রিকে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণে ছিল ম্যানইউ। ম্যাচের মাত্র সপ্তম মিনিটে লম্বা শটে ইউনাইটেডকে এগিয়ে দেন রোনাল্ডো। এই সিআর সেভেন-এর সৌজন্যেই ৩২ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ হয়। 

অবশ্য, প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ইউনাইটেডকে চমকে দেয় নরউইচ। টেমু পুকির ক্রস থেকে বল পেয়ে স্কোরলাইন ২-১ করে ফেলেন নরউইচের মিডফিল্ডার কিয়েরান ডওয়েল।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ওল্ড ট্রাফোর্ড স্তব্ধ করে দেন টেমু পুকি। ডওয়েলের থেকেই বল পেয়ে ডেভিড ডে হায়াকে বোকা বানিয়ে ম্যাচে সমতা ফেরান এই স্ট্রাইকার।

এরপরে, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। এই ম্যাচে জয় না পেলে রোনাল্ডোদের শীর্ষ চারে ওঠা কঠিন হয়ে যাবে; আর শীর্ষ চারে না থাকতে পারলে আগামী মৌসুমে তাঁদের চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না। এমন পরিস্থিতিতে আবারও মঞ্চে উজ্জ্বল সিআর সেভেন। ৭৬তম মিনিটে ফ্রি কিক থেকে বল জালে পাঠিয়ে দেন এই সুপারস্টার। ফলে, ৩-২ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ বাঁচিয়ে রাখলো ইউনাইটেড। এটি ছিল ক্লাব ক্যারিয়ারে রোনাল্ডোর ৫০তম হ্যাটট্রিক।

প্রায় দুই দশকের পেশাদার ক্যারিয়ারের রোনাল্ডো খেলেছেন স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্টাসের হয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৪টি হ্যাটট্রিক করেন রিয়ালের জার্সিতে। ইউভেন্টাসের হয়ে করেছেন তিনটি এবং ইউনাইটেডের হয়ে তিনটি।

এই জয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ম্যানইউ। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট দলটির। সমান-সংখ্য‌ক ম্যাচে ৫৭ পয়েন্ট চারে থাকা টটেনহ্যাম হটস্পারের।

চার নম্বর স্পটের লড়াইয়ে থাকা দলগুলোর মধ্যে শনিবার সন্ধ্যায় একমাত্র ম্যানইউ-ই জয় পেয়েছে। নিজ মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ১-০ গোলে হেরেছে টটেনহ্যাম হটস্পার। সাদাম্পটনের মাঠে একই ব্যবধানে পরাজিত হয়েছে ইউরোপের শীর্ষ লিগে খেলার আশায় থাকা মাঝারি সারির ক্লাব আর্সেনাল।

Loading...