loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগ্রেসদের পরাজয়


প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগ্রেসদের পরাজয়

ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। নিউজিল্যান্ডে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইংল্যান্ড নারী দলের কাছে ১০৯ রানের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানাবাহিনী।

লিংকন-এ গ্রিনে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে নয় উইকেটে ৩১০ রানের পহাড় গড়ে ইংলিশরা। ন্যাট সিভার ১০১ বল খেলে সর্বোচ্চ ১০৮ রান করেছেন। 

বাংলাদেশের পক্ষে নাহিদা আকতার তিনটি, সুরাইয়া আজমিন ও রিতু মনি দুইটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পেয়েছেন রুমানা আহমেদ ও লতা মন্ডল।

৩১১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তিন নম্বরে নামা শারমিন আকতার এক প্রান্ত ধরে বড় ইনিংস খেলেছেন। ১৩৭ বল খেলে চারটি চারে দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেছেন তিনি। ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। দলের আর কোনো ব্যাটাররা ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। ফলে, ৪৯.৪ ওভারে ২০১ রানে অলআউট হয় বাংলাদেশ।

আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারীদের দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপ। এবারই প্রথম নারী ওডিআই বিশ্বকাপে খেলতে নামছে বাংলাদেশ দল। 

আগামী ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। এরপর আরও ছয়টি ম্যাচ খেলবে তাঁরা।

প্রতিযোগিতার প্রথম রাউন্ড হবে লিগ পদ্ধতিতে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

বিশ্বকাপের মূলমঞ্চে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে জাহানারাদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ।

Loading...