
লা লিগায় কষ্টার্জিত এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে গ্রানাডাকে ১-০ গোলে হারিয়েছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মার্কো আসেন্সিও।
এদিন সান্টিয়াগো বার্নাবিউতে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। ৬৬ শতাংশ বল দখলের পাশাপাশি ২৪টি শট নিয়েছে দলটি – যার মধ্যে লক্ষ্যে ছিল ১১টি। বিপরীতে গ্রানাডা শট নিতে পেরেছে সাতটি; লক্ষ্যে ছিল মাত্র তিনটি।
প্রথমার্ধে দুই দলই আক্রমণ পালটা আক্রমণ করে খেলেছে। সুযোগ বানালেও নিঁখুত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।
দ্বিতীয়ার্ধে আক্রমণের পসরা সাজিয়েও রিয়াল গোলের দেখা পাচ্ছিলো না। অবশেষে ৭৪ মিনিটে দুর্দান্ত গোল করেন আসেন্সিও। প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। তাঁর এই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় দলের।
এই জয়ে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সমান-সংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে গ্রানাডা।