
নিউক্যাসল ইউনাইটেড প্রিমিয়ার লিগে রোববার (১৩ এপ্রিল) ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। ম্যানইউ এবারের লিগে এনিয়ে চতুর্দশ পরাজয়ের স্বাদ পেলো, যেটি ১৯৮৯-৯০ মৌসুমে লিগে ক্লাবটির পরাজয়ের সংখ্যাকে স্পর্শ করেছে।
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি নিউক্যাসল ম্যানেজার এডি হাওয়ের অনুপস্থিতি সত্ত্বেও দলটি এদিন যেভাবে ম্যান ইউনাইটেডের উপর আধিপত্য দেখিয়েছে, তাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা এখন তাঁদের জন্য সময়ের ব্যাপার মাত্র। দলটি ৩১ খেলায় ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
সেইন্ট জেমস পার্কে স্বাগতিক নিউক্যাসল ২৪ মিনিটে সান্দ্রো টোনালির ভলিতে এগিয়ে যায়। ৩৭ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারাঞ্চের দারুণ ফিনিশিংয়ে ইউনাইটেডকে সমতায় ফেরার। কিন্তু ৪৯ মিনিটে হার্ভে বার্নেস আবারো নিউক্যাসলকে এগিয়ে দেন। বার্নেস ৬৪ মিনিটে আবারো গোল করলে ব্যবধান ৩-১ হয়। ৭৭ মিনিটে ব্রুনো গুইমারায়েসের গোলে নিউক্যাসলের জয় নিশ্চিত হয়।
এই পরাজয়ে ম্যানইউ টেবিলের চতুর্দশ স্থানে নেমে গেলো।