loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

‘রাজস্ব আয় বৃদ্ধি করতে অটোমেশনের বিকল্প নেই’


‘রাজস্ব আয় বৃদ্ধি করতে অটোমেশনের বিকল্প নেই’

ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, দেশের বিদ্যমান রাজস্ব প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা সম্ভব হলে, ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তিশ্রেণির করদাতাদের হয়রানি কমবে। সেই সাথে, সম্ভাবনাময় নতুন করদাতাদের এই প্রক্রিয়ার সাথে যুক্ত করা যাবে এবং করজাল সহজে বৃদ্ধি পাবে। তিনি মনে করেন, বিদ্যমান পরিস্থিতিতে রাজস্ব আয় বাড়াতে অটোমেশনের বিকল্প নেই। ঢাকায় শনিবার (১৩ জানুয়ারি) ডিসিসিআই আয়োজিত ‘আয়কর আইন ২০২৩: কর্পোরেট করের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় তিনি এ-কথা বলেন।

আশরাফ আহমেদ বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অনুপাতে করদাতার হার অত্যন্ত কম; যেখানে ১৭ কোটি মানুষের দেশে মাত্র ৪০ লাখ মানুষ কর প্রদান করে থাকেন – যা মোটেও কাম্য নয় এবং কর প্রদানের এই নিম্নহার বিদ্যমান করদাতাদের উপর বাড়তি চাপ তৈরি করে থাকে। এছাড়া, করদাতাদের এই স্বল্পহার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে মন্থর করছে।

তিনি আরও বলেন, এই কর্মশালায় অংশগ্রহণকারীরা আয়কর আইন ২০২৩ বিষয়ে সম্যক ধারনা পাবেন, নতুন আইনকে বুঝতে সহায়ক হবে। বিশেষ করে, উদ্যোক্তাদের কর্পোরেট কর প্রদানে উৎসাহিত করবে। আয়কর আইন-২০২৩’-এর ১৬৩(২)(খ) ধারা অনুযায়ী কর্তন বা সংগৃহীত কর উৎসে করকে নূন্যতম কর হিসেবে বিবেচনার বিধান রয়ে গেছে, যা প্রকৃতপক্ষে কর্পোরেট করহারকে বৃদ্ধি করছে বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর যুগ্ন কমিশনার ওয়াকিল আহমেদ জানান, ২০২৩ সালে প্রায় চার লাখের অধিক করদাতা ই-টিন সার্ভিস ব্যবহারের মাধ্যমে কর প্রদান করেছেন। বিগত বছরে এই সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার। এতে বোঝা যায়, অটোমেশন প্রক্রিয়া করবান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনবিআর-এর যুগ্ন কমিশনার মুরাদ আহমেদ ব্যবসয়ীদের ই-টিডিএস পদ্ধতি আরও বেশি করে ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।

ডিসিসিআই-এর কাস্টমস, ভ্যাট অ্যান্ড ট্যাক্সেশন স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা সনদধারী হিসাববিদ স্নেহাশীষ বড়ুয়া কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। এতে আরও অংশগ্রহণ করেন ঢাকা চেম্বারের সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন প্রতিনিধি।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...