loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জকোভিচ, প্রতিপক্ষ রুড


ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জকোভিচ, প্রতিপক্ষ রুড

নোভাক জকোভিচ বিশ্বের এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজকে হারিয়ে সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেন টেনিসের পুরুষ এককের ফাইনালে উঠেছেন। ৩৬ বছর বয়সী জকোভিচ শুক্রবার (৯ জুন) সেমিফাইনালে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে স্প্যানিশ তরুণ আলকারাজকে পরাজিত করেন। এর মাধ্যমে ৯৩ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন জকোভিচ। ক্যারিয়ারে তৃতীয় রোলা গাঁরো ও রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার পথে জকোভিচের সামনে এখন একমাত্র বাধা গত আসরের রানার্স-আপ কাস্পার রুড।

দ্বিতীয় সেমিফাইনালে রুড ৬-৩, ৬-৪, ৬-০ গেমে আলেক্সান্দার স্পেরেভকে পরাজিত করে গত পাঁচ টুর্নামেন্টের তৃতীয় স্ল্যাম ফাইনালে ওঠেন। ২০২২ সালে রাফায়েল নাদালের কাছে ফ্রান্সে ও এরপর ইউএস ওপেনে আলকারাজের কাছে ফাইনালে পরাজিত হয়েছিলেন চতুর্থ বাছাই নরওয়ের রুড। এনিয়ে টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো অলিম্পিক চ্যাম্পিয়ন স্পেরেভকে। ২৪ বছর বয়সী রুড শুক্রবার ছয়বার স্পেরেভের বিরুদ্ধে ব্রেক পয়েন্ট অর্জন করেন।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা রুড এর আগে চারবারের মোকাবেলায় কখনই জকোভিচের বিপক্ষে কোনো সেট জিততে পারেননি। যদিও এটাই তাঁদের কোনো গ্র্যান্ড স্ল্যামে প্রথম দেখা।

প্যারিসের ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৃতীয় সেটে আলকারাজ হঠাৎ করেই চোটে পড়েন। জকোভিচের চেয়ে ১৬ বছরের ছোট আলকারাজের ডান কাফ পেশিতে টান পড়লে কোর্টেই তাঁকে চিকিৎসা নিতে হয়েছে। আর এই চোটেই জকোভিচের সামনে ক্যারিয়ারের ৩৩৪তম স্ল্যাম ফাইনালের দরজা উন্মুক্ত হয়ে যায়।

২০১৬ ও ২০২১ ফ্রেঞ্চ ওপেন বিজয়ী জকোভিচ বলেছেন, ‘কার্লোসের আজ ভাগ্য সহায় ছিল না। তাঁর বিষয়টি আমি অনুধাবন করতে পারছি। আশা করছি, সুস্থ হয়ে সে দ্রুতই কোর্টে ফিরতে পারবে। চোট নিয়েও শেষ পর্যন্ত সে-যে লড়াই করে গেছে, সেজন্য তাঁকে শ্রদ্ধা। আমি তাঁকে ম্যাচ শেষে বলেছি, বয়স এখনো কম আছে এবং আরও অনেকবারই ফাইনাল জেতার সুযোগ তাঁর সামনে আসবে।’

জকোভিচ আরও বলেন, ‘দ্বিতীয় সেটে সে ভালো খেলেছে। আমি বুঝতে পারি, ঐ সময় আমার আরও বেশি আগ্রাসী হওয়া উচিত। এরপর থেকে আমি খেলার গতি বাড়িয়ে দেই।’

এ-নিয়ে ২০ বছর বয়সী আলকারাজের বিপক্ষে দ্বিতীয় ও গ্র্যান্ড স্ল্যামে প্রথম ম্যাচে মুখোমুখি হলেন জকোভিচ। প্রথম সেটে ৩-১ ব্যবধানে এগিয়ে যান জকোভিচ। অষ্টম ম্যাচে এসে আলকারাজ সেট পয়েন্ট রক্ষা করেন। কিন্তু, নবম ম্যাচে আর শেষ রক্ষা হয়নি। 

দ্বিতীয় সেটে ৩-৪ ব্যবধানে পিছিয়ে থাকার সময় জকোভিচ কব্জির ইনজুরিতে পড়ে মেডিকেল টাইম আউট নেন। আলাকারাজ এই সুযোগে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান। এরপর জকোভিচ ম্যাচে ফিরে এসে ব্রেক পয়েন্ট অর্জন করেন। দশম গেমে জকোভিচ তিনটি সেট পয়েন্ট রক্ষা করেন; অবশ্য, দ্বাদশ গেমে আলকারাজ জয়ী হয়ে সেমিফাইনালে টিকে থাকার ইঙ্গিত দেন।

এরপরই চোটের কারণে পরের দুই সেটে আর দাঁড়াতে পারেননি আলকারাজ। ৬-১, ৬-১ গেমে পরাজিত হয়ে শেষ চার থেকে হতাশাজনক বিদায় নেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান।

Loading...