loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে ২৬ জুন


২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে ২৬ জুন

আগামী ২৫ জুন অর্থবিল এবং ২৬ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস করা হবে। জাতীয় সংসদ ভবনে বুধবার (৩১ মে) একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির একাদশ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি’র সভাপতিত্বে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য – বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, এমপি; আমির হোসেন আমু, এমপি; তোফায়েল আহমেদ, এমপি; শেখ ফজলুল করিম সেলিম, এমপি; ওবায়দুল কাদের, এমপি; রাশেদ খান মেনন, এমপি; হাসানুল হক ইনু, এমপি; ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপি; আনিসুল হক, এমপি; গোলাম মোহাম্মদ কাদের, এমপি; আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এমপি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩ সালের বাজেট অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল পাঁচটায় এবং ১ জুন বিকেল তিনটায় অধিবেশন হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে মর্মে সিদ্ধান্ত হয়। ৪ জুন থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত মোট ৪০ ঘন্টা বাজেটের ওপর সাধারণ আলোচনা হবে। ২৫ জুন অর্থবিল পাস ও ২৬ জুন বাজেট পাস হবে মর্মে সিদ্ধান্ত হয়।

এরপর, ঈদ-উল-আযহার জন্য সংসদ অধিবেশন মুলতবি হয়ে ২ জুলাই আবার অধিবেশন শুরু হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। সপ্তাহখানেক চলার পর বিল পাসের বিষয় বিবেচনায় নিয়ে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন সমাপ্ত হবে। এ-বিষয়টিসহ অধিবেশনের সময় ও কার্যদিবস-সম্পর্কিত যেকোনো পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়।

এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮৬টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১,৫৫৪টি প্রশ্নসহ মোট ১,৬৪০টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩২টি। বেসরকারি সদস্যদের কাছ থেকে কোনো বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা আটটি। ২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় চারটি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় সাতটি।

বৈঠকটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading...