
ম্যানচেস্টার সিটি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে আর বি লাইপজিগের সাথে ১-১ গোলে ড্র করেছে। লাইপজিগের রেড বুল এরেনাতে বুধবার (২২ ফেব্রুয়ারি) রিয়াদ মাহারেজের ২৭ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী সিটিজেনরা। ৭০ মিনিটে ক্রোয়েশিয়ান সেন্টার-ব্যাক জোস্কো গাভার্ডিওলের হেডে সমতায় ফেরে স্বাগতিক ক্লাব।
গাভার্ডিওল কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়া স্কোয়াডে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। মাহারেজের গোলে এগিয়ে যাওয়ার পরে প্রতিপক্ষের মাঠে গুরুত্বপূর্ণ জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল সিটি। যাহোক, বিরতির পরে আধিপত্য ধরে রাখতে পারেনি দলটি।
নিজেদের শেষ ২০ ম্যাচে মাত্র একবার হার মানা লাইপজিগ দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাস ধরে রেখে একের পর এক আক্রমণ চালিয়েছে।
এদিন ম্যানসিটি তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অসুস্থ মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার অনুপস্থিতি ভালোই অনুভব করেছেন এই নরওয়েজিয়ান তরুণ। সিটি ম্যাচের প্রথম ২৫ মিনিট তাঁদের ট্রেডমার্ক নৈপুণ্যের মাধ্যমে আধিপত্য ধরে রেখেছিল। তবে, দারুণ গোছানো লাইপজিগের রক্ষণভাগের সামনে তেমন ভালো সুযোগ তৈরী করতে পারেনি।
মাহারেজ বলেছেন, ‘ম্যাচের শেষভাগে আমরা কিছুটা নার্ভাস ছিলাম। কোচ আমাদের বলেছেন, শান্ত থাকতে। পুরো ৯০ মিনিট আমাদের খেলতে হয়েছে সমান তালে।’
লাইপজিগ কোচ মার্কো রোজ বলেন, ‘আজকের ম্যাচে দুই অর্ধ সম্পূর্ণ ভিন্ন ছিল। প্রথমার্ধে আমরা কিছুই করতে পারিনি। শুধুমাত্র বল ধরার জন্য ব্যস্ত ছিলাম। যখন বল পেয়েছি, তখন কার্যত কিছুই করতে পারিনি। কিন্তু, দ্বিতীয়ার্ধে আমরা ঘুরে দাঁড়াই; বেশি আক্রমণ করেছি আমরাই। এটাই যে আমাদের খেলা – সেটি শেষ পর্যন্ত প্রমাণ করতে পেরেছি।’
সিটি মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ ২৭ মিনিটে বল পেয়ে বাড়িয়ে দেন অধিনায়ক ইকে গুন্ডোগানের দিকে; লাইপজিগের রক্ষণভাগ তখন নড়েচড়ে বসে। গুন্ডোগানের পাস থেকে মাহারেজের শট গোলরক্ষক জেনিস ব্লাসউইচকে পাশ কাটিয়ে জালে প্রবেশ করলে এগিয়ে যায় সিটিজেনরা। তিন মিনিট পরে রড্রির হেড অল্পের জন্য ব্যর্থ হলে ব্যবধান দ্বিগুণ হয়নি।
টিমো ওয়ার্নার প্রথমার্ধের ইনজুরি টাইমে লাইপজিগের হয়ে সমতা ফেরাতে ব্যর্থ হন; তাঁর শটটি সহজেই তালুবন্দী করেন এডারসন।
বিরতির পরে লাইপজিগ উইং ব্যাক লুকাস ক্লোস্টারম্যানের জায়গায় বেঞ্জামিন হেনরিক্সকে মাঠে নামায়। বদলি বেঞ্চ থেকে উঠে এসে দুই মিনিটের ব্যবধানে দুটি সুযোগ হাতছাড়া করেন হেনরিক্স। প্রথমে তাঁর হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়; দ্বিতীয় সুযোগ এডারসনকে একা পেয়েও পোস্টের খুব কাছে থেকে তিনি বল জালে জড়াতে পারেননি।
ক্রিস্টোফার এনকুকু ৬৬ মিনিটে নামার পরে স্বাগতিক দল ম্যাচের সেরা সময় কাটিয়েছে। মিনিটখানেক পরেই আন্দ্রে সিল্ভার জোরালোর শট কোনোমতে রক্ষা করেন এডারসন। হালান্ডের কাউন্টার অ্যাটাক থেকে গাভার্ডিওল সিটির আক্রমণ রুখে দেন।
৭০ মিনিটে মার্সল হালস্টেনবার্গের কর্নার থেকে সিটির রক্ষণভাগের উপর দিয়ে লাফিয়ে গাভার্ডিওল হেড করে লাইপজিগের হয়ে গোলটি পরিশোধ করেন।
আগামী ১৪ মার্চ ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচটিতে যে লাইপজিগ কঠিন প্রতিপক্ষ হিসেবে খেলতে নামবে, এই নৈপুণ্যের পরে তা সহজেই অনুমেয়।