
অধিনায়ক সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক জয় পেয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (১৪ জানুয়ারি) বরিশাল ১২ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এদিন, ব্যাট হাতে ৪৫ বলে অপরাজিত ৮১ রান করেছেন ম্যাচ-সেরা সাকিব। এছাড়াও, বল হাতে ১১ রানে এক উইকেট শিকার করেছেন তিনি। প্রথম ম্যাচে পরাজয়ের পরে এই নিয়ে টানা তিন ম্যাচ জিতলো বরিশাল। অন্যদিকে, প্রথম তিন ম্যাচের সবগুলোতেই হারলো কুমিল্লা। এই জয়ে, চার খেলায় ছয় পয়েন্ট নিয়ে সাকিবের দলের অবস্থান দ্বিতীয়। চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স হেরেই চলছে। এখন পর্যন্ত চলতি আসরে দলটি জয়ের দেখা পায়নি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (১৪ জানুয়ারি) ফরচুন বরিশালের কাছে দলটি হেরেছে ১২ রানে। এই জয়ে, বরিশাল উঠে এলো পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। চার ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে সিলেট স্ট্রাইকার্স।
এদিন ১৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিলেন কুমিল্লার দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লেতে দলটির ওঠে ৪৯ রান। তবে, কামরুল ইসলাম রাব্বির করা ষষ্ঠ ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৮ রানেই থেমে যায় পাকিস্তানি ওপেনারের ইনিংস। যাহােক, লিটন ছিলেন আগ্রাসী।
এক পর্যায়ে দ্রুত রান নিতে গিয়ে রান আউট হয়ে যান লিটন। বর্তমানে দেশের সেরা এই ব্যাটারের ইনিংস থেমেছে ২৬ বলে ১ চার ৩ ছক্কায় ৩২ রানে। অধিনায়ক ইমরুল কায়েসও চেষ্টা করেছেন। তিনি মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হওয়ার আগে করেছেন ১৫ বলে ২৮ রান। পাঁচে নেমে খুশদিল শাহ ২৭ বলে অপরজিত ৪৩ রান করেও দলকে জেতাতে পারেননি।
শেষদিকে, মোসাদ্দেকে হোসেনের ২৭ রানের (১৯ বলে) বদৌলতে সাত উইকেটে ১৬৫ রান করতে সক্ষম হয় কুমিল্লা। ফলে, ১২ রানে ম্যাচ জিতে নেয় সাকিবের বরিশাল।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ১৭৭ রান করে ফরচুন বরিশাল। অধিনায়ক সাকিব আল হাসান খেলেছেন ৪৫ বলে অপরাজিত ৮১ রানের বিধ্বংসী এক ইনিংস। বলা বাহুল্য, ম্যাচ-সেরা হয়েছেন তিনিই।
এছাড়া, ইব্রাহিম জাদ্রান ২০ বলে ২৭, চতুরাঙ্গা ডি সিলভা ১২ বলে ২১ এবং এনামুল হক বিজয় করেন ২০ বলে ২০ রান।
চার ওভারে ৩৩ রানে চার উইকেট শিকার করেছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এছাড়া, নাঈম হাসান ও খুশদিল শাহ একটি করে উইকেট পেয়েছেন।