
কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার-ফাইনালে উঠছে আর্জেন্টিনা। দলের হয়ে একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। অস্ট্রেলিয়ার গোলটি ছিল আত্মঘাতী। বিশ্বকাপের নক-আউট পর্বে এই প্রথম গোল করলেন ক্লাব ও দেশের হয়ে ১,০০০তম ম্যাচ খেলতে নামা মেসি। আগামী ১০ ডিসেম্বর রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা।
লিওনেল মেসির মাইলফলকের ম্যাচ জিতে কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠলো দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজের মাইলফলকের ম্যাচে এক গোল করেছেন মেসি।
বিশ্বকাপের শেষ ষোলো পর্বেে ম্যাচে আর্জেন্টিনা শনিবার (৩ ডিসেম্বর) ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এক আসর পরে আবারও কোয়ার্টার-ফাইনালে উঠলো মেসির দেশ। ২০১৪ সালের ফাইনালে উঠলেও, ২০১৮ সালে শেষ ষোলো থেকে বিশ্বকাপ শেষ করতে হয়েছিল আর্জেন্টিনাকে।
এদিন আর্জেন্টিনার পক্ষে গোল দু’টি করেছেন মেসি ও আলভারেজ। মেসি ক্লাব ও দেশের হয়ে ১,০০০তম ম্যাচ খেলতে নেমে গোল করে স্বদেশি কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যান। বিশ্বকাপের মঞ্চে ম্যারাডোনার আট গোল টপকে মেসির গোল সংখ্যা এখন নয়।
ইনজুরিতে থাকা দলের অন্যতম তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে ছাড়াই আল রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে ছাড়াই খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুর ইনজুরিতে পড়েন ডি মারিয়া। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পান আলেহান্দ্রো গোমেজ।
প্রথম ১০ মিনিটে তেমন কোনো আক্রমণ হয়নি। ১৩ মিনিটে বাঁ-প্রান্ত দিয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস অ্যাকুনার শট অস্ট্রেলিয়ার বক্সের ভেতর ডিফেন্ডার আজিজ বেহিচের হাতে লাগলেও রেফারি তা এড়িয়ে যান। নিশ্চিত পেনাল্টি-বঞ্চিত হয় আর্জেন্টিনা।
যাহােক, থেমে না থেকে ১৭ মিনিটে প্রথম আক্রমণ করে আর্জেন্টিনা। লিওনেল মেসির বাড়ানো বল অস্ট্রেলিয়ার গোলবারের উপর দিয়ে মারেন গোমেজ।
২৯ মিনিটে প্রথম আক্রমণ শানায় অস্ট্রেলিয়া। মিডফিল্ডার রিলে ম্যাকগ্রির নেওয়া কর্নার থেকে উড়ে আসা বলে ডিফেন্ডার হ্যারি সুটার হেড নিলেও প্রতিহত হয় আর্জেন্টিনার রক্ষণভাগে।
৩৪ মিনিটে পাওয়া ফ্রি-কিক নেন মেসি। তাঁর দুর্দান্ত শটটি অস্ট্রেলিয়ার গোলমুখে হেড করে রক্ষা করেন ডিফেন্ডার সুটার। ফিরে আসা বল বক্সের বাইরে পেয়ে যান মিডফিল্ডার ডি পল। এরপর বক্সের ভেতর থাকা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিকে বল দেন পল। আলতো ছোঁয়ায় মেসিকে বল দেন ওটামেন্ডি। বল নিয়ে বাঁ-পায়ের মাটি কামড়ানো শটে অস্ট্রেলিয়ার তিন ডিফেন্ডারের পায়ের নিচ দিয়ে ৩৫ মিনিটে বল জালে জড়িয়ে দেন মেসি। অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাট রায়ান ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
বিশ্বকাপের নক-আউট পর্বে এই প্রথম গোল করলেন ক্লাব ও দেশের হয়ে ১,০০০তম ম্যাচ খেলতে নামা মেসি। বিশ্বকাপে আগের আট গোলই মেসি করেছিলেন গ্রুপ পর্বে।
এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। এই অর্ধে ৬২ শতাংশ বল দখলে ছিল মেসি-আলভারেজদের। অস্ট্রেলিয়ার গোলমুখে দু’টি শটের মধ্যে একটি ছিল টার্গেটে।
বিরতির পরে বল দখলের চেষ্টায় ছিল উভয় দলই। ৫০ মিনিটে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ বক্সের বাইরে বল পান মেসি। অস্ট্রেলিয়ার গোলমুখে নেওয়া মেসির দুর্বল যায় অস্ট্রেলিয়ার গোলরক্ষকের হাতে।
৫২ মিনিটে নিজেদের বক্সের মধ্যে বল পাস দিয়ে ভুল বোঝাবুঝিতে পড়েন আর্জেন্টিনার গোলরক্ষক ও ডিফেন্ডাররা। অল্পের জন্য বল পাননি অস্ট্রেলিয়ার স্ট্রাইকার মিচেল ডিউক। এ-সময় বল পেলে বিপদ হতে পারতো আর্জেন্টিনার।
অন্যদিকে, একই কারণে বিপদ হয়েছে অস্ট্রেলিয়ার। ৫৭ মিনিটে নিজেদের সীমানায় বল পাস নিয়ে খেলতে গিয়ে বিপদ নিজেরাই ডেকে আনে অস্ট্রেলিয়া। ডিফেন্ডার মিলোস ডিগেনেক বল দেন গোলরক্ষককে। তখন গোলরক্ষকের কাছে বল ধরতে যান পল। পলকে কাটাতে পারলেও পাশ থেকে ছুটে এসে বল দখলে নিয়ে গোল করেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ।
দুই গোলে এগিয়ে থেকে ম্যাচের লাগাম হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা। এর পরপর ৬২ ও ৬৫ মিনিটে আর্জেন্টিনার দু’টি আক্রমণ নস্যাৎ করে দেয় অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা।
৭৭ মিনিটে হঠাৎ করেই ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল ক্রেইগ গুডউইনের গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া।
৮০ মিনিটে নিশ্চিত গোল পায়নি অস্ট্রেলিয়া। মাঝমাঠের পর বল পেয়ে আর্জেন্টিনার চারজনকে কাটিয়ে বক্সের বল নিয়ে ঢুকে পড়েন ডিফেন্ডার আজিজ বেহিচ। তখন তাঁর সামনে শুধুমাত্র গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বেহিচ যখনই শট নেন, তখনই তাঁর সামনে পা বাড়িয়ে দেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ; বল চলে যায় মাঠের বাইরে।
৮৯ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে অস্ট্রেলিয়ার ডি-বক্সের ভেতর ঢুকে যান মেসি বাঁ-দিকে দাঁড়ানো স্ট্রাইকার লাউতারাে মার্টিনেজকে বল দেন। মার্টিনেজের সামনে ছিলেন শুধুই অস্ট্রেলিয়ার গোলরক্ষক। কিন্তু, বল অস্ট্রেলিয়ার গোলবারের উপর দিয়ে মারেন মার্টিনেজ।
ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে একইভাবে বল নিয়ে অস্ট্রেলিয়ার বক্সের ভেতর ঢুকে আবারও মার্টিনেজকে বল দেন মেসি; এবার গোলমুখে মার্টিনেজের নেওয়া শট অস্ট্রেলিয়ার গোলরক্ষক রুখে দেন।
শেষ মিনিটে আর্জেন্টিনার বিপৎসীমানায় বল পেয়ে গোলমুখে শট নেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার গারাং কুল। সেই শট আর্জেন্টিনার গোলরক্ষকের গায়ে লেগে ফিরে গেলে গোলবঞ্চিত হয় অস্ট্রেলিয়া।